ঈদের জামাত বা নামায মসজিদে করা যাবে কি?

ঈদের জামাত বা সালাত - 

ঈদের সালাত মসজিদে আদায় না করে মাঠে আদায় করা মুস্তাহাব। প্রিয়নবি হযরত মুহাম্মদ সাঃ এবং চার খলিফা বৃষ্টি ইত্যাদির কারণ ছাড়া সবসময় মাঠে ঈদের সালাত আদায় করেছেন। এটি একটি সুন্নাহ।


সহিহ বুখারিতে (৯৫৬) বর্ণিত রয়েছে, -


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالأَضْحَى إِلَى الْمُصَلَّى


“রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুর ফিতর এবং ঈদুল আজহায় ঈদগাহে বের হয়ে যেতেন।”


অবশ্য সালাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা বৃষ্টি হওয়া এমন কিছু ঘটলে মসজিদেও ঈদের সালাত আদায় করা যেতে পারে। আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত যে, -


أَنَّهُمْ أَصَابَهُمْ مَطَرٌ فِي يَوْمِ عِيدٍ «فَصَلَّى بِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِيدَ فِي الْمَسْجِدِ»


“এক ঈদের দিনে মদিনায় বৃষ্টিপাত হলো। তখন নবিজি সাঃ মদিনাবাসীদের নিয়ে মসজিদে ঈদের সালাত আদায় করেন।”  (মুস্তাদরাক হাকেম: ১০৯৪)


ফতওয়া আলমগিরিতে (১/১৫০) উল্লিখিত রয়েছে, -


الْخُرُوجُ إلَى الْجَبَّانَةِ فِي صَلَاةِ الْعِيدِ سُنَّةٌ وَإِنْ كَانَ يَسَعُهُمْ الْمَسْجِدُ الْجَامِعُ


“মহল্লার বা এলাকার জামে মসজিদে মুসুল্লিদের জায়গা সংকুলান অর্থাৎ ছোট হলেও ঈদের সালাতের জন্য ঈদগাহে যাওয়াটা সুন্নাহ।”


সালাতের জামাত আয়োজনের মাধ্যমে ইসলামী সমাজব্যবস্থা সুদৃঢ় ও সুন্দর হয়। ইসলামী শরীয়ার দৃষ্টিকোণ হলো— একটা পাড়ার বা এলাকার প্রতিটা ঘরের মানুষ দিনে পাঁচবার একত্রিত হয়ে আল্লাহর ইবাদাত করবে, পরস্পরের সঙ্গে মিলিত হবে এবং কুশল বিনিময় করবে। এটা হলো পাঞ্জেগানা মসজিদ। আর কয়েকটা পাড়ার মানুষ একত্রিত হয়ে সপ্তাহে একবার সাক্ষাৎ করবে, একে অন্যের সাথে দেখা হবে ও কুশল বিনিময় হবে; এটা হলো জামে মসজিদ। ‘জামে’ শব্দের অর্থ একত্রিতকারী। আশপাশের কয়েকটি মহল্লার বা এলাকার মানুষ মিলে যেখানে নামায আদায় করবে, সেটার নাম জামে মসজিদ। আর ঈদের জামাআত হবে আরো ব্যাপক পরিসরে। কয়েকটা জামে মসজিদের মুসল্লী একত্রিত হয়ে ঈদের জামাআত আদায় করবেন। এটাই ইসলামের সৌন্দর্য এবং মহৎ। এই সংস্কৃতি আমাদের সমাজব্যবস্থাকে অনেক বেশি মজবুত এবং সুদৃঢ় ও সুন্দর করতে সহায়তা করে।

বিখ্যাত আলেম ইবনুল হাজ (মৃ. ৭৩৭ হি.) বলেন যে, বহু সহিহ ও অন্যান্য হাদিস, ইসলামের প্রথম যুগের আমল এবং উলামাদের উক্তি- এই সবকিছুই প্রমাণ করে যে, উন্মুক্ত মাঠে ঈদের সালাত অর্থাৎ নামায আদায় করা সুন্নাহ। আর এটি এমন সুন্নাহ, যাতে এলাকার বা মহল্লার পুরুষ, নারী, শিশু একত্র হয়। মনে-প্রাণে আল্লাহর সমীপে হাজির হয়। একই ধ্বনি সবাই উচ্চারণ করে। একই ইমামের পেছনে সালাত অর্থাৎ নামায আদায় করে। তাকবির বলে। লা ইলাহা ইল্লাল্লাহ। নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে। যেন সকলে মিলে এক প্রাণ। অনন্দ মুখরিত। আল্লাহর নেয়ামতে উল্লাসিত সবাই । এমন করেই ঈদ তাদের নিকট প্রকৃত ঈদ হয়ে ওঠে। এমন দিন হয়ত আসবে, যেদিন মুসলমানগণ তাদের নবির সুন্নাহ অনুসরণে সাড়া দেবে। তাদের দীনের প্রতীক ঊর্ধ্বে তুলে ধরবে। যে দীন তাদের ইজ্জত ও সাফল্যের উৎস। (ইসলাম কিউএ, ফতওয়া নং 49050)


একই প্রশ্ন আপনার বন্ধু-প্রিয়জনদের থাকতে পারে,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তরটি শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ায় অংশ নিন


Post a Comment

Previous Post Next Post

Contact Form